সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে আজ থেকে ন্যায্য মূল্যে ডিম ও সব্জী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ২৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্সের সন্দ্বীপ টাওয়ার সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে প্রতি পিছ ডিম ১৩ টাকা দরে ১ জোড়া ডিম ২৬ টাকায় বিক্রি করা হচ্ছে। ন্যায্য মূল্যে এই ডিম ও সবজি বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
উল্লেখ্য যে গরিবের আমিষের অন্যতম যোগানদাতা ডিমের বাজার গত কয়েকদিন ধরেই অস্থির হয়ে আছে। সিন্ডিকেটের কবলে পড়ে প্রতি পিস ডিমের দাম ১৬ থেকে ১৭ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় সেটা গরীব আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে ডিম ও সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার দরের চেয়ে অনেক কম দামে ডিম ও সব্জী কিনতে পারায় ক্রেতারা খুশি ও ক্রেতাদের প্রচুর ভীড় ও আগ্রহ দেখা গেছে ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিম ও সবজি বিক্রির কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সরকার ঘোষিত ডিমের দাম খুচরায় ১১টাকা ৮৭ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১০ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৮০ পয়সা করে বিক্রির কথা রয়েছে। তবে এ দামে কোথাও ডিম বিক্রি হচ্ছে না। বেশিরভাগ এলাকায় এখনও প্রতি ডজন ডিম ১৭০ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যান্য সব্জীর মধ্যে মিষ্টি কুমড়া,শশা,বাঁধাকপি, টমেটো, পেঁপে, কাকরল,কচুর ছড়া, পটল ও কাঁচা মরিচও বিক্রয় হচ্ছে। তার মধ্যে কাঁচা মরিচ ২৪০ টাকা,বাঁধাকপি ৬০ টাকা সহ সকল সব্জী সাধারন বাজারের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
