শুক্রবার, ২৬ জুন ২০২৬

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে ঐতিহ্যের কর্নার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ঐতিহ্য কর্নার স্থাপন ও চিরন্তন চট্টগ্রাম শীর্ষক গ্রন্থ প্রকাশের উদ্যোগ একটি ঐতিহাসিক কাজ হবে বলে মন্তব্য করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় চিরন্তন চট্টগ্রাম প্রকাশনা বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার। উপস্থাপিত প্রস্তাবনার উপরে বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন এবং নানা দিকনির্দেশনা দেন। এসময় তারা চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের এই উদ্যোগের প্রশংসা করেন।

সভায় সভাপতির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, চিরন্তন চট্টগ্রাম ঐতিহ্য কর্নার স্থাপনের এই উদ্যোগ একটি ঐতিহাসিক কাজ হবে। এটি একটা মিউজিয়ামের আদলে তৈরি করা হবে। সার্বিকভাবে এতে বিশেষ ঘটনা ও বিষয়গুলো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রদর্শন করা হবে যাতে চট্টগ্রাম নতুন প্রজন্মের কাছে মূর্ত হয়ে উঠে। পর্তুগিজরা চট্টগ্রাম দখল করেছিল। সন্দ্বীপ থেকে তারা লোকজন ধরে নিয়ে ইউরোপে বিক্রি করত। চট্টগ্রামে শাহ সুজা আসেন। আরাকানরা এসেছিল। এসব ঐতিহাসিক ঘটনা এখানে তুলে ধরা হবে। তরুণরাই মূল কাজ করবে। বিশেষজ্ঞরা তাদের পরামর্শ দেবেন ও গাইড করবেন।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ঐতিহ্য কর্নারকে ডিজিটালাইজড করতে চাই। যেন বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ সংযুক্ত হতে পারে। আপনারা সবাই আছেন। সবার পরামর্শে আমরা কাজটি এগিয়ে নিতে চাই। পুরো চট্টগ্রামকে মানুষ যেন এই কর্নার থেকে জানতে পারে।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, এই উদ্যোগ হবে একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরবর্তী সংস্করণে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার সুযোগ আছে। সব তথ্য যাচাই বাছাই করে দিলে ভালো হবে।

সাবেক মুখ্য সচিব এম এ করিম বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। চট্টগ্রামকে তুলে ধরতে এটি সুদূর প্রসারী ভূমিকা রাখবে।

বাংলা একাডেমির ডিজি কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, এই সংকলন যেন বৃহত্তর চট্টগ্রাম ভিত্তিক হয়। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি যেন এতে অন্তর্ভুক্ত থাকে। মানুষকে একীভূত রাখে ভাষা। চাটগাঁইয়া ভাষা যতদূর পর্যন্ত বিস্তৃত তার সবটুকু যেনো এতে অন্তর্ভুক্ত হয়।

কবি সাংবাদিক আবুল মোমেন বলেন, স্বপ্নটা অনেক বড়। চিরন্তন চট্টগ্রাম বললে যেন সব কিছু চোখে ভেসে ওঠে। চট্টগ্রাম বঙ্গে সবচেয়ে প্রাচীন চলমান নগরী। অখণ্ড বাংলায় চট্টগ্রাম ছিল নেক্সট টু কলকাতা। পরে চট্টগ্রাম গুরুত্ব হারায়। তা তুলে ধরা দরকার। প্রদর্শনীর জন্য কিছু সামগ্রী সংগ্রহ করা যেতে পারে। সাগর, নদী, পাহাড়, হ্রদ ও বন মিলে চট্টগ্রাম। প্রকৃতির এমন ৫টি উপকরণ একসাথে কোথাও পাওয়া যায় না। চট্টগ্রামের নারীদেরও অনন্য অবদান আছে ইতিহাসে। চিরন্তন চট্টগ্রামকে মিউজিয়ামের মত করলে সবচেয়ে ভালো হয়।

পিএচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান বলেন, এই উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রতিদিন আসতে চাই। যে বিদ্যা কেবল জৈবিক চাহিদা মেটায় তা অপরিপূর্ণ বিদ্যা।

অধ্যাপক ড. আবুল কাশেম বলেন, এটা খুব ভালো উদ্যোগ। প্রস্তাবনায় দিক নির্দেশনা ৯০ ভাগ এসেছে। চট্টগ্রামের ঐতিহ্যের ব্যাপকতা, গভীরতা ও গুরুত্ব এতে উঠে এসেছে। তবে বাকি ১০ ভাগের জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। সময় নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম বলেন, এই উদ্যোগে আমরা চট্টগ্রামের স্বাতন্ত্র্য খোঁজার চেষ্টা করছি। এটা অনেক সময় বিপদজনক হয়। ঐতিহ্যের দিকে ফিরলে পরিমাণ ও সংযোগ সূত্র অনুসন্ধান জরুরি। তথ্যের চেয়েও ব্যাখ্যা বেশি দরকারি। প্রতি ১০ মাইলে চট্টগ্রামের ভাষা বদলে যায়। চট্টগ্রামের ভাষার বড় সম্পদ গালি। ঐতিহ্য কর্নারে টেকনাফ থেকে যেন শুরু হয়। কক্সবাজার ও চট্টগ্রাম একই। স্বাতন্ত্র্য বোধের পাশে যেন সম্পৃক্তিও থাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ড. সেকান্দর চৌধুরী বলেন, বঙ্গেভঙ্গ চট্টগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। ড. এনামুল হক রচিত ‘সুফিজম ইন বেঙ্গল’ এক ঐতিহাসিক গ্রন্থ। চট্টগ্রামে সুফিবাদ শিরোনামে মুসলিম ঘরানার বিভিন্ন ধারাগুলো একসাথে অন্তর্ভুক্ত হতে পারে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা বলেন, ১৯৮২ সাল পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদের সীমা রেখা ছিল কক্সবাজার ও চট্টগ্রাম। চট্টগ্রাম বলতে টেকনাফ পর্যন্তই আমি বুঝি। তা না হলে লিংক মিস হয়ে যেতে পারে। দেশের বাইরে থেকেও যেন চট্টগ্রামের সন্তানরা যুক্ত হতে পারে। আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে স্পেস এর সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

কবি সাংবাদিক রাশেদ রউফ বলেন, চট্টগ্রামের ইতিহাস–ঐতিহ্য বললে ভাষা ও সংস্কৃতি সবই আসে। ব্যক্তিত্বদের মধ্যে কত জনকে আমরা সম্পৃক্ত করব সেটা ঠিক করতে হবে। প্রস্তাবনা আসলে তা চূড়ান্ত করে নিতে হবে।

নাট্যজন আহমদ ইকবাল হায়দার বলেন, কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন। এটা অনেক ব্যাপক কাজ। একটা পর্যায় পর্যন্ত কাজ শেষ করে ফেলা যায়। তারপর আবার আপগ্রেড করার সুযোগ থাকবে। ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, এটি ইতিহাসকে একীভূত করার প্রয়াস। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, জেলা পরিষদ ভবনের ১৪ তলা যেখানে ঐতিহ্য কর্ণার স্থাপন করা হবে সেটি কাজের জন্য প্রস্তুত। তাই, তরুণ ও সম্ভাবনাময় সাংবাদিক ও গবেষকদের একটা টিম তৈরি করে প্রাথমিক ভাবে তথ্য সংগ্রহ ও গবেষণার কাজ শুরু হয়েছে। আজকের উপস্থাপনা মূলতঃ সে কাজেরই রুটম্যাপ।

সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক মুহাম্মদ শামসুল হক, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম ক্লাবের সভাপতি আবদুর রহিম, স্থপতি আশিক ইমরান, লেখক নেছার আহমদ, শিল্পী দীপক দত্ত এবং আবৃত্তি শিল্পী বিশ্বজিৎ পাল।

সভায় চিরন্তন চট্টগ্রাম বিষয়ক প্রকাশনার গবেষক দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হামিদ উল্ল্যাহ, মাসুদ মিলাদ, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু, আলীউর রহমান, আল রাহমান, সুবীর মহাজন, আহসানুল কবির রিটন, সুজন ঘোষ, আবু মোশাররফ রাসেল, মিঠুন চৌধুরী, ওমর ফারুক, আবদুল্লাহ আল মামুন, রেজা মুজাম্মেল, অনুপম শীল, শৈবাল আচার্য্য, সুবল বড়ুয়া, শারমিন রিমা।

সভা শেষ হলে উপস্থিত সকলেই ঐতিহ্য কর্ণার স্থাপনের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত থেকে মতবিনিময় সভার সার্বিক কর্মকাণ্ড সমন্বয় করেন।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...