ফটিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে রেদাশা মারমা (৩৫) নামের এক ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ছাইল্লাচ্ছর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রেদাশা ওই এলাকার নেদাক্কা মারমার ছেলে এবং ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী বলে জানা গেছে। ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করেছে সংগঠনটি। এ সময় নিহতের মা সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হন। মানিকছড়ি থানা পুলিশের ওসি মো. ইকবাল উদ্দিন বলেন, ঘটনাস্থল ফটিকছড়িতে। সংশ্লিষ্ট থানা এই বিষয়ে ব্যবস্থা নিবে।তবে গুলিবিদ্ধ নারীকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি তদন্ত আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায়৷ ততক্ষণে তার লাশ পুড়ে ফেলা হয়।মূলত ইউপিডিএফ থেকে বের হওয়ায় তাকে মেরে ফেলা হয়। এ বিষয়ে কারো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
