বাংলাদেশ সময় ভোর সকালে নিউজিল্যান্ডের নেলসন আর মধ্য রাতে দক্ষিণ আফ্রিকার সেনোয়েস পার্ক যেনো মিলে গেলো একবিন্দুতে।মিলটি হলো দূর্ভাগ্যের।আর শিকার হলেন,নেলসনে বাংলাদেশের সৌম্য সরকার আর সেনোয়েস পার্কে ফারজানা হক।দুজনেই বাংলাদেশ দলের ক্রিকেটার।পুরুষ ও নারী দলের এই দুই ক্রিকেটারই দলের হয়ে করেছেন দূর্দান্ত ব্যাটিং। দুজনেই করেছেন অনবদ্য সেঞ্চুরি।কিন্তু খেলা শেষে দলের পরাজয়ে ম্লান হয়ে গেছে দুজনেরই গর্বিত কীর্তি। সৌম্য সরকার তবুও স্বান্তনা হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।ফারজানা তাও পাননি।অথচ দুই দলের বাইশ ক্রিকেটারের মধ্যে ফারজানাই ছিলেন সেরা পারফরমার। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে থাকা বাংলাদেশ দলের জন্য আজ ছিলো সিরিজ জয়ের হাতছানি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের সূচনাটা মন্দ ছিলোনা।উদ্বোধনী জুটিতে ৪৮ রান তুলে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে তিন উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছেন ফারজানা হক।চতুর্থ উইকেট জুটিতে ফাহিমাকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে ইনিংস শেষের এক বল আগে রানআউট হয়ে ফারজানা হক যখন প্যাভিলিয়নে ফিরছিলেন,তাঁর নামের পাশে তখন ১০২ রান।পরিস্থিতি একটু স্লো ব্যাটিংয়ে বাধ্য করলেও উইকেটে ছিলেন বেশ আত্মবিশ্বাসী।প্রতিপক্ষের কোন বোলারই তাঁর নিকট সমস্যা হতে পারেনি।এগারোটি বাউন্ডারিতে সাঁজানো ফারজানার সেন্চুরীটি ছিলো তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ও বিদেশের মাটিতে প্রথম।চলতি বছরই ২২ জুলাই ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন মিরপুরে।গুরুত্ব বিবেচনায় আজকের সেঞ্চুরিই এগিয়ে থাকবে।ফাহিমার ৪৮ বলে খেলা অপরাজিত ৪৬ রানের কল্যানে নির্ধারিত ওভার শেষে চার উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে মরিয়া দক্ষিণ আফ্রিকার মেয়েরা ২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনারই হাফ সেঞ্চুরি করে ১০৬ রানের জুটি গড়ে তোলে।একই স্কোরে পরপর দুই ওভারে ৫০ রান করে প্রথমে ব্রিটজ পরে ৫৪ রান করা ওলভার্ট আউট হয়ে গেলে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় বাংলাদেশ।কিন্তু ফিল্ডারদের তিনটি ক্যাচ মিসে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়।যার পুরো ফায়দা তুলে তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১১৭ রান করে দলকে ২৯ বল বাকি থাকতেই জিতিয়ে মাঠ ছাড়েন এলিস বোসচ ও শেন লুস যথাক্রমে অপরাজিত ৬৫ ও ৪৭ রানের ইনিংস খেলে। অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে এলিস বোসচ হন ওম্যান অফ দ্য ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর:-বাংলাদেশ ২২২/৪(৫০) ফারজানা হক ১০২,ফাহিমা ৪৬*। দক্ষিণ আফ্রিকা:-২২৩/২(৪৫.১) এলিস বোসচ ৬৫*, ওলভার্ট ৫৪,ব্রিটস ৫০। ফলাফল:- দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। ওম্যান অফ দ্য ম্যাচ:- এলিস বোসচ।
