তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন। এ দলটি গত ২৮ অক্টোবর সহিংস হামলার মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তিনি বলেন, সরকার সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসীদের নির্মূলে বদ্ধপরিকর। এসব অপকর্মের ইন্ধনদাতারাও সমান অপরাধী। তাই এসব অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে সরকার।
বুধবার কাকরাইলের আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে বলেন, বন্ধুরা পরামর্শ দিতেই পারে। তবে অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানো কাম্য নয়।
তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও বিএনপির নেতারা অংশগ্রহণ করবে। ২৮ অক্টাবরের ঘটনার পর বিএনপি দেউলিয়া হয়ে পড়েছে। তাদের এখন নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অপরাজনীতি করছে। ২৮ অক্টোবর ইসরাইলের মতো হামলা করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিশ্ববেনিয়াদের হাতে দেশকে তুলে দিতে চায়। তারা আগুন-সন্ত্রাস করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা বাসে অগ্নিসন্ত্রাস করছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশ হত্যা করেছে। এসব সন্ত্রাস প্রতিহতে সরকার বদ্ধ পরিকর।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা এনে আমেরিকার সঙ্গেও বিএনপি প্রতারণা করেছে বলে এসময় মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত শুধু ইসলামের শত্রু নয়, তারা মানবতারও শত্রু। ইসরায়েল পাখি শিকারের মত মানুষ হত্যা করলেও বিএনপি-জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। একটি শব্দও তারা উচ্চারণ করেনি।

