চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ মোহাম্মদ ইমদাদ উল্লাহর (৬৫) মরদেহ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস।
রোববার সকাল ৮টার দিকে রাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার সংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমদাদ উল্লাহ ওই এলাকার মৃত আবদুল হকের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় রোববার ভোরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এমদাদুল্লাহ। সেখানে গিয়ে নিখোঁজ হন তিনি। খোঁজাখুঁজি করার পর না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীতে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

