চোখের জলে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেট তিনি আর খেলবেন না।
বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার।
অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে গত কিছুদিন ধরেই বেশ আলোচনা ছিল। এত আলোচনা ভালোভাবে নেননি তিনি। তাই বৃহস্পতিবার হুট করেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
অবসরের ঘোষণা দিতে গিয়ে তামিম বলেছেন, ‘আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।’
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান তামিম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগ নিয়ন্ত্রণ করে পঞ্চপাণ্ডবের অন্যতম এই ক্রিকেটার বলেছেন, ‘আমি সব সময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি।
আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমকিা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তার।

