এনজিওর নাম দিয়ে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে নগরে জাকির হোসেন হাওলাদার (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে শরীয়তপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। গ্রেপ্তার জাকির হোসেন হাওলাদার নগরের ইপিজেড এলাকায় রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কথিত এমডি।
জানা গেছে, নগরের ইপিজেড এলাকায় গড়ে তোলা হয়েছে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। সেখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস শ্রমিকরা কাজ করায় তাদেরকে এনজিওতে টাকা রাখতে নানা প্রলোভন দেখাতেন জাকির। এভাবে দেড় লাখ শ্রমিকের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা রয়েছে। তাকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে জেলে পাঠানো হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি ইপিজেড এলাকা থেকে এনজিওটির কথিত চেয়ারম্যান মুজিবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল।

