লিওনেল মেসির দ্রুততম আন্তর্জাতিক গোল সঙ্গে হেরমান পেস্পেইয়ার গোল মিলিয়ে বিশ্বকাপের পর আবারও অষ্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা। আজ ১৫ ই জুন বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।এবার দ্বিতীয় মিনিটে তথা ৭৯ সেকেন্ডে মেসির চমৎকার গোলে এগিয়ে যায় তারা।
নিজেদের অর্ধে অস্ট্রেলিয়ার এক খেলোয়াড় বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান এনসো ফের্নান্দেস। তার পাস ধরে বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা মেসি।খেলার পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটার তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবল ক্যারিয়ারে মেসির দ্রুততম গোল এটিই, ১ মিনিট ১৯ সেকেন্ড।জাতীয় দলের হয়ে এনিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন ৩৫ বছর বয়সী এই জাদুকর।সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ১০৩টি। ম্যাচের ২৮তম মিনিটে এমিলিয়ানো মার্তিনেসের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখতে পারে আর্জেন্টিনা। কাছ থেকে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড মিচেল ডিউকের ভলি বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক।পরে আলগা বল লাগে পোস্টে। ৩৮তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান মেসি।
রদ্রিগো দে পল মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান অধিনায়ককে। গোলরক্ষক এগিয়ে আসায় বক্সে ঢুকে লব করেন মেসি, বল উড়ে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। ৫৯তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। মার্ক আলিস্তের ও দি মারিয়াকে তুলে মাঠে নামান হুলিয়ান আলভারেস ও জিওভান্নি লো সেলসোকে।আক্রমনের গতি বাড়ে।ফলও মিলে যায়। ৬৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। বাঁ দিক থেকে মেসির পাস পেয়ে দে পল ক্রস দেন বক্সে আর হেডে জালে পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলাস ওতামেন্দির বদলি নামা ডিফেন্ডার পেস্সেইয়া। তিন মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন আলভারেস।মেসির পাস পেয়ে দে পল বক্সে বল দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডকে।
এই তরুণের নিচু শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক।প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও বাকি সময়ে আর তেমন কিছু করে দেখাতে পারেনি আর্জেন্টিনা।তাই শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা। এবারের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সোমবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

