সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুলতান প্রামানিক ঐ এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।
কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, সকালে সুলতানসহ কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে যান। এ সময় আকাশে মেঘ দেখা দিলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সুলতান বৃদ্ধ হওয়ায় দৌড়ে যাওয়া সম্ভব হয় না তার। পরে হেঁটে যাওয়ার সময় আচমকা বজ্রপাত হলে জ্ঞান হারিয়ে ফেলে তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

