অবশেষে দীর্ঘ বাইশ বছর পর আজ ঘোষিত হলো ছোট ভাই কর্তৃক বড় ভাইকে হত্যা মামলার রায়।রায়ে একমাত্র আসামী ছোট ভাই আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ ২৫শে মে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় ২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের মঞ্জিল খোলা গ্রামের আপন বড় ভাই জয়নাল আবেদীনকে বুকে বল্লম বিদ্ধ করে হত্যা করে ছোট ভাই আমির হামজা।এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার রেনু সোনারগাঁও থানায় আমির হামজাকে আসামি করে হত্যা মামলা করেন।দণ্ডপ্রাপ্ত আমির হামজা উপজেলার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিল খোলা গ্রামের মানিক মিয়া বেপারীর ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁওয়ের কাঁচপুরে এলাকার জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে বল্লম বিদ্ধ করে হত্যার আসামি আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ অর্থ অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে বলে জানান তিনি।

