চট্টগ্রামের রাউজানে বাগানের গাছ কাটতে গিয়ে মো. শফি (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৩ মে (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. শফি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বরফত দরিলা ঠিলার মফিজুর রহমানের পুত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, হলদিয়ার হযরত আলী হোসেন (রহ:) সেতু সংলগ্ন একটি টিলায় স্থানীয় নুরুচ্ছাফা সওদাগরের বিক্রিত গাছ বাগানে অন্যান্য শ্রমিকের সাথে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন মো. শফি। কাজের একপর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে একটি গাছের প্রকান্ড ডাল তার মাথায় পরে মারাত্মক আহত হন তিনি। এই সময় স্থানীয় জনৈক খোরশেদসহ অন্যান্যরা তাকে প্রথমে জেকে মেমোরিয়াল হসপিটাল পরে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

