আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান আজ বাংলাদেশকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এটাই শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা।
শনিবার টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে থেকে গত ৪২ বছর ঝড়-বৃষ্টি, আঁধার রাতে সমস্ত দুর্যোগ-দুর্বিপাকে শেখ হাসিনা এ দেশের মানুষের সঙ্গে থেকেছেন। তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। তাই ১৯৮১ সালের ১৭ মে শুধু ব্যক্তি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নয়, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।
তিনি আরো বলেন, বিএনপি নেতারা বলছেন- আমাদের সরকার নাকি দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। দেশের সমর্থন দেখার জন্য ওনাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেঅনুরোধ জানাই। যদি এগুলো বুঝতে না পারেন, দেখতে না পারেন তাহলে তাদের কান-চোখের পরীক্ষা করা দরকার।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বঙ্গবন্ধুর দেশ রচনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন- আজকে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মাথাপিছু আয়, ইকোনমিক ইনডেক্স, সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স, হেলথ ইনডেক্স- সব সূচকে আমরা অনেক আগেই পাকিস্তানকে অতিক্রম করেছি।
তথ্যমন্ত্রী বলেন, শুধু পাকিস্তান নয়, আমরা সব সূচকে ভারতকেও অনেক আগেই অতিক্রম করেছি। আর এই সাফল্যে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের টেলিভিশন টক শো, রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে।

