রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর পাওয়া গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিরাজুল আরেফিন আকিব (২২) এর মরদেহ।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে। এর আগে গত বুধবার বেলা ১টায় একই স্থানে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন আকিব।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান জানান, গতকাল নিখোঁজ হওয়া যুবকের খোঁজে রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিলো সেখানে তার লাশটি ভেসে উঠে।
প্রসঙ্গত, নিহত সিরাজুল আরেফিন আকিব কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবির)তে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। আকিব পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যয়নরত ছিলো বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

