রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, এদেশের দায়িত্ব কোন সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দেওয়া যাবে না। শেখ হাসিনার কাছেই এই দেশ নিরাপদ। শেখ হাসিনা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই শেখ হাসিনা। এটা আমার দেশ। এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু, এই দেশের মাটির সাথে মিশে যাব। নিজের কাজ করতে কোন লজ্জা নেই। আমি চাই আমার চিন্তাধারা আমার নেতাকর্মীদের মধে বিকাশিত হউক। অসম্ভব বলে কিছুই নেই। চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আমরা রাউজানে ১৪ ইউনিয়ন ও এক পৌরসভায় আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নির্মাণ করেছি যা অনেক বিভাগ ও জেলাতে নেই। আমরা ১২৬ জন ইউপি সদস্যদের জন্য স্ব স্ব ওয়ার্ডে স্থায়ী কার্যালয়ের উদ্যোগ নিয়েছি।
৫ মে শুক্রবার বিকাল ৫ টায় রাউজান উপজেলার ছত্তারঘাটে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা রাউজানে সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। রাউজানে কেন্দ্রীয় মসজিদ, মন্দির নির্মাণ হয়েছে। এই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণের প্রক্রিয়া চলছে।
এতে আশীর্বাদক ছিলেন উপ সংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো। উদ্বোধক ছিলেন উপ সংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথেরো।
রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া ও কাউন্সিলর আলমগীর আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক অংশুমান বড়ুয়া। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
