নতুন জাতের ধান ব্রি ৮৯,৯২ এবং বঙ্গবন্ধু ধান ১০০ এই তিন জাতের ধান প্রতি শতকে ১ মণ করে ফলন হবে জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
মঙ্গলবার (২ মে) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেম বিভাগের উদ্যোগে ইতিমধ্যে ব্রি উদ্ভাবিত নতুন জাতের ধান ব্রি ধান ৮৯,৯২ এবং বঙ্গবন্ধু ধান ১০০ এর ফসল কাটা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ধান গবেষণা ইনস্টিটিউট সূত্রে আরও জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষকরা নতুন জাতের উল্লেখিত জাত গুলো চাষ করেন। পরে ধানের ফলনে এসে কৃষকরা হিসাব করে দেখেন প্রতি শতকে ১ মণ এর অধিক ফলন হয়েছে। এতে করে এ অঞ্চলের কৃষকরা মহাখুশি। তারা এ ধরনের জাতের ধান চাষে অনেক আগ্রহ প্রকাশ করেছেন। কৃষকরা জানিয়েছেন, তাদের ৩৩ শতাংশ জমিতে ফলন পেয়েছেন ৩৩ মণ। অর্থাৎ ১ শতকে ১ মণ করে ধানের ফলন হয়েছে।
এ দিকে ব্রির পরিচালক (প্রশাসন) ড.মো. আব্দুল লতিফ গণমাধ্যমে জানিয়েছেন, ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত নতুন জাতগুলো ফলন আগের জনপ্রিয় জাত ব্রি ধান ২৮ ও ২৯ এর তুলনায় অনেক বেশি। তিনি বলেন, তাই কৃষকরা যদি অতি যত্ন ও পরিচর্যা করেন নতুন এসব ধানের জাত থেকে আরও বেশি ফলন পাওয়া সম্ভব।

