কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গ্রেপ্তাররা হল- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত হাফেজ আহম্মদের ছেলে মো. রমজান আলী (৩২) ও একই এলাকার রমজান আলীর ছেলে রেজওয়ান আহমেদ হৃদয় (৩২)।
সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লাহ বলেন, কর্ণফুলী নদীতে ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাই। ওই সংবাদের ভিত্তিতে দিবাগত রাত আড়াইটায় কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে শিকলবাহা খালের ব্লকপাড়া নৌ-ঘাট এলাকা থেকে দুই ডাকতকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকি ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কিরিচ, কাটার সেট, একটি ইঞ্চিন চালিত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

