‘পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন। তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে। অনিয়মের কারণে এর আগে চলাচল বন্ধ করা হয়েছিল।’
‘মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে তাই আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করার সময় সবাইকে যথাযথ নিয়ম মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
‘৬০ কিলোমিটার গতি, ছবি তোলা ও সেতুতে দাঁড়ানো থেকে বিরত থাকাসহ সবগুলো নিয়ম মেনে মোটরসাইকেল চালাতে হবে’ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নিয়ম ভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে।’ অভিযোগ অনুসারে নিয়ম ভঙ্গকারীর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মা সেতুর টোল পরিশোধ করেন।

