কক্সবাজারের উখিয়ায় অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংসের কথা বলে বিক্রিতে অভিযুক্ত মাহবুব আলমকে আটক করেছে র্যাব।
বুধবার (১৯ এপ্রিল) রামু গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়। মাহবুব উখিয়া হলদিয়া পালং এলাকার বাসিন্দা।
র্যাব ১৫ সিপিসির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, পবিত্র শবে কদর উপলক্ষে উখিয়ায় লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে নামি। ঘটনার পর থেকে পলাতক ছিল কসাই। সে বারবার স্থান পরিবর্তন করছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে সে রামুর একটি গহীন পাহাড়ে অবস্থান করছে। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।
গ্রেপ্তার মাহবুব প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছেন, তিনি এই পর্যন্ত ৩০টির ওপরে ঘোড়া জবাই করে বিক্রি করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়াগুলো যখন মালিক ফেলে চলে যেতো তখন তিনি টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন।

