আজ থেকে শুরু হলো ঈদুল ফিতরের লম্বা ছুটি শুরু। ঈদের আগে গতকাল মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। আজ শবে কদরের ছুটি থাকায় এবার ঈদযাত্রার সুবিধার্থে ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। টানা ছুটি পেয়ে শহর ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে করে শহর অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ২২ এপ্রিল ঈদ উদযাপিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন টানা পাঁচদিন। আর ২৩ এপ্রিল ঈদ হলে ছুটি বাড়বে আরও একদিন। সেক্ষেত্রে তাদের ছুটি কাটানোর সুযোগ হবে ছয়দিন।
এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০ এপ্রিল ছুটির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, ‘সুখবর হলো, ২০ তারিখ (বৃহস্পতিবার) সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ঈদযাত্রা যাতে সহজ হয় এজন্য আগেভাগে ছুটি বাড়ানো হয়েছে।’ গত ২৪ মার্চ পবিত্র রমজান শুরু হয়।
এবারের রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করে সরকার। এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর আজ ১৯ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। মাঝে কেবল ২০ এপ্রিল কর্মদিবস ছিল। ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০ এপ্রিলের ছুটি ঘোষণা সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়, ঈদের ছুটিতে দূর-দূরান্তে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে যেন নাগরিকেরা যেতে পারেন সেজন্য শবে কদর ও ঈদের ছুটির মাঝখানে একদিন কর্মদিবসেও ছুটির ব্যবস্থা করা হয়েছে।
এদিকে পরিবার নিয়ে শহরে বসবাস করা লোকজন আজ বা কাল শহর ছাড়ার প্রস্তুতি নিলেও একা থাকা লোকজন গতকাল থেকেই শহর ছাড়তে শুরু করেছেন। প্রতিটি বাস কাউন্টারেই বেড়েছে যাত্রীদের ভিড়। শহরের প্রতিটি প্রবেশমুখেই মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। নতুন ব্রিজ,অলঙ্কার মোড়, অক্সিজেন মোড়ে বিকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় শুরু হয়। গাড়ি চালকরাও মানুষের ভিড় দেখে ভাড়া বাড়িয়েছেন। অলঙ্কার মোড়ে প্রতিটি বাস কাউন্টারে বাড়তি ভাড়া দিয়ে যাত্রীরা বাড়ি যাচ্ছেন।

