রড বোঝাই একটি ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে সেই ট্রাকের নিচে চাপা পড়ে সীতাকুণ্ডে এক গাড়ি মেকানিকের মৃত্যু হয়েছে।তার নাম মো. আবুল হোসেন(৪৫) বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেকানিক মো. আবুল হোসেন সীতাকুণ্ডের কুমিরার ঘাটঘর এলাকার মো. আলী হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, একটি রড ভর্তি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে মেরামত করতে আসেন মেকানিক আবুল হোসেন। জগ লাগিয়ে কাজ করার সময় হঠাৎ সামনের চাকার অংশ থেকে জগটা ছুটে গেলে গাড়ি তার উপর পড়ে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, রড বোঝাই গাড়িটির চাকা মেরামত করার সময় চাকার সঙ্গে লাগানো কৃত্রিম সাপোর্টটি ছুটে গেলে চাপা পড়েন আবুল হোসেন।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

