খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিএনপি মাইনাস করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা বার বার রাস্তায় বলেন, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই। কিন্তু কই আপনারা তো আদালতে যান না। তার জামিনের আবেদন করেন না। উচ্চ আদালতে যান না। এতে প্রমাণিত হয়েছে আপনারা খালেদা জিয়ার মুক্তি চান না। সরকার নয়, আপনারাই তাকে রাজনীতিতে মাইনাস করেছেন। কারণ আপনারা তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান।’
আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি আদালত মানে না। তাদের আদালত প্রতি আস্থা নেই। আপনারা বলেন, সরকার আদালতের ওপর হস্তক্ষেপ করছে। সরকার যদি হস্তক্ষেপ করতো, তাহলে মহাসচিবসহ সব নেতারা জেলে থাকতো।‘
বিএনপি নেতাকর্মীদের ভালো হয়ে যাওয়া অনুরোধ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কেন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। কোনো অবস্থাতেই কোনো অনির্বাচিত সরকার আর ফিরে আসবে না। দয়া করে ভালো হয়ে যান। ১৪ সালে নির্বাচন বর্জন করেছেন। আর ১৮ সালে নির্বাচনের নামে প্রহসন করেছেন। যা হওয়ার তাই হয়েছে। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে। আর নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। নির্বাচন ছাড়া অন্য কোন পথ নেই সরকার পরিবর্তন। বিদেশিরা আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে এই স্বপ্ন দেখে লাভ নেই।
তিনি আরও বলেন, ‘বিএনপি মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা সংবিধানে বিশ্বাস করে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদস্য সানজিদা খানম। সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সানজিদা খানম বলেন, ‘আজকে আসার সময় দেখলাম বিএনপির দু-একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা দেশকে পিছনে নিতে ষড়যন্ত্র করছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা তাদের রাজপথে প্রতিহত করবো। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, আছি ও থাকবো। আগামী নির্বাচনে আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে তবেই ঘরে ফিরবো।’
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

