শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ফেছনের একটি চাকা ফেটে গেছে।
সোমবার সকালে বিজি-৩৯২ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফ্লাইটে মোট ৭২ জন যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কলকাতা থেকে স্থানীয় সময় ৯ টা ১৯ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় ফিরছিল বিজি ৩৯২ ফ্লাইটটি। সকাল ১০ টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পেছনের চাকাগুলোর একটির টায়ার ফেটে যায়।
তিনি আরও বলেন, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, বিষয়টি জানার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। তবে পাইলটের দক্ষতায় ৭২ যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।

