দেশে চালের অনেক মজুত আছে, কোনো অভাব নেই। আমনে ভালো ধান পাওয়া গেছে। বোরো ধানেরও চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষককে ন্যায্যমূল্য দিতে হবে।বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার(২ মার্চ) সকাল ১০টায় নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে খোলা বাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির নির্দেশনা দিয়েছেন। শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিক্রি শুরু হবে বলেও জানিয়েছেন সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, এক ব্যক্তি বার বার ওএমএসের চাল-ডাল নেন। সেই চাল-ডাল আবার বিক্রিও করে দেন। আবার অনেকে পায়ও না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল-ডাল কিনতে পারবেন।
নিম্ন আয়ের লোকদের কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএসে ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।

