রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক পলক (২৩)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক পলক বেসরকারি মুগদা ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত অপর দুজন তার সহপাঠী। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুয়েল রানা।
জানা যায়, যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পলকসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পলককে নিয়ে আসা মোহাম্মদ নাদিম হোসেন বলেন, আজ সকালে বাইক নিয়ে কাজলা ভাঙ্গা ব্রিজ দিয়ে যাওয়ার পথে একটি যাত্রী বাসের ধাক্কায় দুইজন রাস্তার উপর ছিটকে পড়ে। এতে গুরুতর দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওমর ফারুককে মৃত্যু ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

