চট্টগ্রাম মহানগরীর জামাল খান কুসুমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল খান কুসুমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমন্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ শহীদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এটিএম শহীদুল্লাহ শহীদ বলেন, একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। একুশের চেতনায় এসেছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশেও বার বার আঘাত এসেছে একুশের চেতনার ওপর। সব ষড়যন্ত্র ছিন্ন করে একুশের শক্তিতেই এগিয়ে চলছে বাঙালি। এই গৌরব বাঙালির ছাড়া পৃথিবীর অন্য কারও নেই। বাংলা ভাষা ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রযুক্তির আগ্রাসনে মাতৃভাষা ও সাহিত্যচর্চা যেন হারিয়ে না যায় এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

