আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ৭৫-এ কৃষক, শ্রমিক নিয়ে আওয়ামী লীগ যে দল গঠন করেছিলো, সেটা একদলীয় নয়। এটা ছিলো জাতীয় দল।বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আওয়ামী লীগের পক্ষে শহিদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
শহিদ মিনারে ফুল দিতে এসে বঙ্গবন্ধুর সমালোচনা করায় বিএনপিকে এক হাত নেন ওবায়দুল কাদের। দলটির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত করে সেদিন যোগ দিয়েছিলেন। যেই দলে জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছিলেন, সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তর আর একুশের চেতনা একই।
তিনি বলেন, আজকের এই দিনটি সারা দুনিয়ার ৩৫ কোটি বাংলা ভাষা-ভাষীর এক অহংকারের দিন। বিশেষ করে, বাঙালি জাতির জন্য একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজ আমাদের সবচেয়ে বড় অহংকার, পৃথিবীর সব দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
জাতিসংঘের স্বীকৃতির দাবি করে ওবায়দুল কাদের বলেন, প্রায় ৩০ কোটি মানুষের বাংলা ভাষা আজও পর্যন্ত জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি পায়নি। আমরা আবারো দাবি জানাবো জাতিসংঘের কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। কিন্তু মাতৃভাষা বিশ্বের অন্যতম সেরা ভাষা হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পাবে, এটাই আমরা আশা করছি।
তিনি বলেন, আজ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপশক্তি, অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে।

