আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন চলতি বছরই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ১০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস যুক্ত হচ্ছে বলে । তিনি বলেন, ‘ভারত থেকে এসব বাস আনা হবে। এই বিষয়ে কাজের অনেকটা অগ্রগতি হয়েছে।’
রবিবার (১৯ ফেব্রুয়ারি)সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ডক্টর বিনয় জর্জের সঙ্গে ওবায়দুল কাদেরের সৌজন্য সাক্ষাৎ হয়। পরে এসব কথা জানান কাদের।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০০টি বাস এবছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।
২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রনিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

