চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর একই সময়ে ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়,চট্টগ্রামের আটটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৩ জন। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনারভাইরাস শনাক্ত হয় নি।

