রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হামলায় মুজাহিদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুজাহিদের বড় ভাই দিদারসহ ৬ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এজাহার মিয়া ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
মুজাহিদ ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।
সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোনাফ বলেন, বিভিন্ন বিষয় নিয়ে এজাহার মিয়া ফকির বাড়ির দিদারের সঙ্গে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আজ সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ওই বাড়িতে হামলা চালায়। এসময় দিদারকে গুলি করতে গেলে তার ছোট ভাই মুজাহিদের গায়ে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধরার চেষ্টা করলে আরও ৫ জনকে কুপিয়ে আহত করে তারা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, রাঙ্গুনিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুজাহিদ নামে এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৬ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সন্ত্রাসীরা একজনকে পায়ে গুলি করছে এবং যাওয়ার সময় রাস্তার মধ্যে আরও ৫-৬ জনকে কুপিয়ে আহত করেছে। যাকে গুলি করেছে অতিরিক্ত রক্তক্ষরণে সে সম্ভবত হাসপাতালে মারা গেছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। একজন গ্রেপ্তার আছে।

