চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমকে কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে নগরের টাইগারপাস অস্থায়ী নগর ভবনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে স্লোগান দেন অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। প্রায় ২০ মিনিট বিক্ষোভ করে তারা সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে দেখা করেন। সিটি মেয়রের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করেছেন তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ) সভাপতি ফরিদ আহমদ জানান, ১৫ ডিসেম্বর অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল আলমকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলি করেছে সরকার। তবে তিনি এখনও সিটি করপোরেশন থেকে দায়িত্ব ছেড়ে যাননি। আজ চাকরি স্থায়ী করা নিয়ে তার সঙ্গে কর্মচারীরা দেখা করতে গেলে তিনি বলেন, বিষয়টি তিনি মন্ত্রণালয়কে জানাতে পারবেন, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবেন না। এতে কর্মচারীর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করার জন্য আন্দোলন করেছিল অস্থায়ী কর্মচারীরা। সিটি করপোরেশন এমন কোন নিয়ম ছিলো না অস্থায়ীদের স্থায়ী করার। তারপরও মানবিক বিষয় বিবেচনা করে একটা কমিটি করা হয়, যাতে তাদের কিভাবে স্থায়ীকরণ করা যায় সব দিক বিবেচনা করার জন্য।’
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এর মধ্যে আমার বদলির আদেশ চলে আসে। আজকে আমার শেষ কর্মদিবস ছিল। এটা শুনে অস্থায়ী কর্মচারীরা আমাকে আবদ্ধ করে রাখে। এ সময় আমার পরিবার ও আমাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। তাদের ধারণা আমি চলে গেলে তাদের চাকরি স্থায়ীকরণ হবে না। অবশেষে মেয়র মহোদয়ের সহোযোগিতায় আমি বের হতে পেরেছি।’
সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৮ হাজার ৮০৩ জন। তাঁদের মধ্যে ৬ হাজার ৩৩ জনই অস্থায়ী। এসব শ্রমিক-কর্মচারীদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর পর্যন্ত সিটি করপোরেশনের বিভিন্ন পদে কাজ করছেন।

