চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা।
ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে।
ব্রাজিল কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরণব্যাধি রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তাই তখন থেকেই ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। মেডিকেল থেকেই তিনি এবারের কাতার বিশ্বকাপ দেখেছেন। তার হাত ধরেই ব্রাজিল ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।
তিন তিনবার দলকে বিশ্বকাপ জেতানো পেলের তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারে রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন যা আজও ভাঙতে পারেনি কেউ।তার শৈল্পিক ফুটবলে গল্প আজও কোটি কোটি ভক্তের মুখে মুখে।
পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। কিন্তু তিনি ‘পেলে’ নামেই বিশ্ববিখ্যাত হয়েছেন। ফিফা ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো ম্যারাডোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্মভাবে দুজনকেই শতাব্দীসেরা ঘোষণা করে। ২০২০ সালে ৬০ বছর বয়সে হঠাৎ করে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। আজ বিদায় নিলেন পেলে।

