বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচিতে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আরো চারদিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার (১২ নভেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত জনস্বার্থে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে এবার আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা নেই।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার রোয়াংছড়ি, রুমা, ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে বান্দরবান সেনা রিজিয়ন টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এর ফলে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, গত ১৭ অক্টোবর রাত থেকে রুমা ও রোয়াংছড়িতে এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরে এ চার উপজেলায় ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুই দফায় আটদিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়।
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার আলীকদম উপজেলা ব্যতিরেকে রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটকদের নিরুৎসাহিত করার প্রজ্ঞাপনটি বলবৎ রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া না গেলে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলাতে (১২ নভেম্বর) পর্যন্ত তা বলবৎ থাকবে।
ইউডি

