চট্টগ্রাম নগরীর আনন্দবাজার ল্যান্ডফিলে ফেলে দেয়া বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ মাছ ও মুরগীর খাদ্য (মিট এন্ড বোন মিল) সংগ্রহ করে পাচারের সময় ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে ট্রাকগুলো জব্দ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, এর আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে কোথাও পাঠানোর চেষ্টা করছিল।
অভিযানের আগে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমবিএমসহ অন্তত ২০টি ট্রাক ওই এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার তারেক হাসান।
তিনি বলেন, ‘কাস্টমস আইন অনুযায়ী এমবিএম ধ্বংস করার জন্য ল্যান্ডফিল এলাকায় ডাম্প করা হলেও, একটি চক্র তা আবার বাইরে পাচার করছে। অভিযান চলছে এবং আমরা চলে যাওয়া ট্রাকগুলোর গন্তব্য জানার চেষ্টা করছি।’
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে। এমবিএম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও কানাডায় নিষিদ্ধ হলেও, দেশগুলো থেকে রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে কাস্টমস কর্মকর্তারা এবং আমদানিকারকরা জানিয়েছেন।
ইউডি

