মহামারিতে দেশে আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীদের নিয়ে চীনে উড়াল দিচ্ছে প্রথম ফ্লাইট। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর মধ্যে প্রথম ফ্লাইট সোমবার (২৬ সেপ্টেম্বর) যাত্রা করছে।
গত ১১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৬ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে। দ্বিতীয় ফ্লাইটটি তার দুদিন পর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। পরের মাসে দুটি ফ্লাইট (১০ ও ২৪ অক্টোবর) ঢাকা থেকে কুমিং যাবে। একই মাসে দুটি ফ্লাইট (১২ ও ২৬ অক্টোবর) ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে।
প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, করোনার কারণে দেশে এসে আটকেপড়া শিক্ষার্থীরা চীনে পড়াশোনা করতে যেতে পারছিল না। কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর চীন বাংলাদেশি শিক্ষার্থীদের নিতে রাজি হয়েছে।
শনিবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং জানান, মহামারি চলাকালে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আমরা ভিসা দেওয়া পুনরায় শুরু করেছি। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে।
ইউডি

