চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ৯৫ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর সাত ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১০১ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৫ জন পজিটিভ পাওয়া যায়। এরা সকলেই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৮১১ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৯১০ জন ও গ্রামের ৩৪ হাজার ৯০১ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গতকাল ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের একজন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৪ জনের নমুনার মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়া, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭, মেডিকেল সেন্টার হাসপাতালে ৯, এপিক হেলথ কেয়ারে ৮, মেট্রোপলিটন হাসপাতালে ৫ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে ৫ জনের এন্টিজেন টেস্ট করানো হয়। পাঁচ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে পরীক্ষিত ৪৭ নমুনার সবগুলোরই রেজাল্ট নেগেটিভ আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স হাসপাতাল (সিভাসু), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার বিআইটিআইডি’তে ৩ দশমিক ৩৩ শতাংশ, চমেকহা’য় ২১ দশমিক ৪৩ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২৫ শতাংশ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এন্টিজেন টেস্টে কোন সংক্রমণ শনাক্ত হয়নি।

