বেশি দামে গ্যাস সিলিন্ডার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অভিযোগে নগরে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ষোলোশহর ও চাঁন্দগাও থানা এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, নগরীর ষোলোশহর এলাকায় অবস্থিত তিনটি দোকানকে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে জিহান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নাহার কিচেন অ্যাপ্লাইয়েন্সকে ১০ হাজার টাকা ও সজীব এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং সংরক্ষণ করায় চাঁন্দগাও এলাকার দোলন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং সংরক্ষণ করায় ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

