বাইরের লোকজনের সাথে নির্ধারিত টাকার বিনিময়ে চুক্তিতে নামজারি করাতে এসে নগরে আটক হয়েছেন মো. ইসহাক নামে ৬৫ বছর বয়সী এক দালাল।
রোববার দুপুর ১২টায় মহানগরীর কাট্টলী ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে বয়সের কথা বিবেচনা করে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় এ দালালকে।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আটক ব্যক্তি রোববার দুপুর ১২টার দিকে কাট্টলী সার্কেল ভূমি অফিসে আসেন। অন্যের নামজারী করতে ভূমি অফিসের লোক হিসেবে পরিচয় দিয়ে কয়েকগুণ টাকা নেন ওই ব্যক্তি। সিসিটিভিতে পর্যবেক্ষণে করে অফিসের বাইরে লোকজনের সাথে চুক্তি করে নামজারি করাতে আসলে তাকে হাতে নাতে ধরা হয়। গত ৫-৭ বছর ধরে বিভিন্ন ভূমি অফিস মানুষের নামজারি মামলা ও কোর্টের মামলা নিয়ে দালালি করেন বলে আমাদের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন। এজন্য তিনি মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন। বয়সের বিষয়টি বিবেচনা নিয়ে শাস্তিস্বরুপ তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান বলেন, ভূমি অফিসে কোন ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবেনা। অফিসে বা অফিসের বাইরের যে কেউ হোক তাকে শাস্তি পেতে হবে। দালালমুক্ত ভূমি সেবা দিতে এসিল্যান্ডরাও তৎপর রয়েছেন বলে জানান তিনি।

