ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি ট্রাক রাস্তায় উঠার মুহুর্তে চট্টগ্রামগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনা নিয়ে দুই গাড়ির চালক হেলপাররা রাস্তায় গাড়ি থামিয়ে বাকবিতন্ডা করছিল। ঘটনা দেখে আশেপাশের লোকজন জড়ো হয়। পরবর্তীতে মিমাংসা করার জন্য হাইওয়ে পুলিশও হাজির হয় সেখানে। কিন্তু বিধি বাম। এক সংঘর্ষের উপর ঘটে যায় গুরুতর আরেক সংঘর্ষ। আচমকা একটি দ্রুতগামী একটি মিনি ট্রাক উঠে যায় ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনের উপর।
বুধবার রাত ১১টার দিকে মীরসরাইয়ের জোরারগঞ্জে সংঘটিত এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই অটোরিকশা চালকসহ চারজন এবং আহত হন হাইওয়ে পুলিশের এক পুলিশসহ চারজন।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম। এর মধ্যে সিএনজিচালক সুমন এবং ফরিদ আপন দুই ভাই।
এ ঘটনায় আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পুলিশের এএসআই মোস্তফা, রাকিবুল, আব্দুল আউয়াল ও একজন প্রতিবন্ধী।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রাত সোয়া ১টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
ইউডি

