চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)তে বদলী আতংকে ভুগছেন নগরে কর্মরত পুলিশ কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দিন ধরে পুলিশ কর্মকর্তাদের অন্যত্র বদলির কারণে এ আতঙ্কে ভুগছেন অনেকে। এদের মধ্যে বেশী আতংকে আছেন পরিদর্শক ও উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকতার্রা। বদলি আতংকে ঘুম হারাম এসব কর্মকর্তাদের। ইতোমধ্যে সিএমপি থেকে অন্যত্র বদলি করা হয়েছে প্রায় ২৫জন পুলিশ কর্মকর্তাকে। বদলি হওয়ার এই তালিকায় আরও ১৫ থেকে ২০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। এর মধ্যে রয়েছেন বন্দর থানার ওসি নিজাম উদ্দিন, কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিনসহ পরিদর্শক ও উপ-পরিদর্শক পদমর্যাদার অনেক কর্মকর্তা। তবে নগর পুলিশ কর্মকর্তাদের দাবি, বদলির এই প্রক্রিয়া স্বাভাবিক। বিশেষ করে যারা চট্টগ্রামের বাসিন্দা এবং দীর্ঘ সময় চট্টগ্রামে কাজ করছেন-শুধু মাত্র তাদেরকেই বদলি করা হচ্ছে।
গত ১৯ আগস্ট পুলিশ সদর দপ্তরের নির্দেশে সিএমপি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে সিএমপি’র ইপিজেড থানার ওসি উৎপল বড়–য়াকে এবং চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয় পাহাড়তলী থানার ওসি হাসান ইমামকে। এ দুইজনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এর আগে দিন ১৮ আগস্ট সিএমপি থেকে খুলনা রেঞ্জ পুলিশে বদলি করা হয় সিএমপির ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনকে। পুলিশের এই কর্মকর্তা চাকরি জীবনের শুরু থেকে প্রায় ১৫ বছর দায়িত্ব পালন করেছেন এই চট্টগ্রামে।
৯ আগস্ট সিএমপি থেকে পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় শাহ মো. আব্দুর রউফকে। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় কর্মরত ছিলেন নগর পুলিশে। এর আগে ৮ আগস্ট বদলি করা হয় পতেঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জোবাযের সৈয়দ ও হালিশহর থানার ওসি রফিকুল ইসলামকে। তাদের দুজনেরই নতুন কর্মস্থল চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
গত ২ আগস্ট সিএমপি থেকে ঢাকা রেঞ্জে বদলি করা হয় সিএমপির চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে। এর আগে গত ৭ জুলাই সিএমপির বাকলিয়া থানার ওসি রুহুল আমীনকে বদলি করা হয় রংপুর রেঞ্জ পুলিশে।
এছাড়াও কোতোয়ালী থানার তদন্ত (অপারেশন) জাবেদুল ইসলাম, চান্দগাঁওয়ের পরিদর্শক (তদন্ত) রাজেশ বডুয়া এবং ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিনকে সিএমপি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। ডিবির পরিদর্শক আজিজ আহমেদকে ডিএমপিতে, গাজী ফৌজুল আজিমকে পিবিআইতে বদলি করা হয়। ওই আদেশে আরও পাঁচজনকে সিলেটসহ বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। গত ২৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সিএমপি থেকে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরীকে রেলওয়ের পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই সাথে বদলি হন গোয়েন্দা পুলিশের এসি (উত্তর ও পিআর) মুহাম্মদ রাইসুল ইসলাম। সিএমপির এই কর্মকর্তাকে বদলি করা হয় লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে। গোয়েন্দা পুলিশের এসি (বন্দর) ইয়াসির আরাফাতকে চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার পদে বদলি করা একই সাথে।
নগর পুলিশের একটি সূত্র জানায়, বদলির তালিকায় সিএমপিতে কর্মরত আরও একাধিক কর্মকর্তা রয়েছেন। তার মধ্যে আছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন ও বন্দর থানার ওসি নিজাম উদ্দিনও। এছাড়া নগর পুলিশে কর্মরত ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের নামও রয়েছে।
বদলির বিষয় জানতে চাইলে সিএমপির উপ কমিশনার আমীর জাফর (সদর) বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে এতোমধ্যে বেশ কয়েকজনকে সিএমপি থেকে অন্যত্র বদলি করা হয়েছে।

