চট্টগ্রাম নগরীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬টি চোরাই মোবাইল উদ্ধার করে।
মঙ্গলবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫) মো. উজ্জল (২২) ও মো. মাসুদ (২০)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, রেলওয়ে স্টেশন এলাকার ৭ নম্বর বাস কাউন্টারের সামনে চোরাই মোবাইল ক্রয় চক্রের সদস্যরা ছিনতাই করা মোবাইল কেনা-বেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২টা ২০ মিনিটে অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

