সোমবার, ২ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা, বন্দুকধারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের দিকে বন্দুক তাক করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বুয়েনস আইরেসে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী অ্যানিবাল ফার্নান্দেজ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।আর্জেন্টিনার বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ক্রিস্টিনাকে বন্দুক তাক করার ফুটেজ সম্প্রচার করেছে। ফুটেজে দেখা গেছে, ক্রিস্টিনা তাঁর গাড়ি থেকে নামার সময় এক ব্যক্তি তাঁর মাথায় বন্দুক তাক করেছেন। নিরাপত্তামন্ত্রী অ্যানিবাল ফার্নান্দেজ বলেন, ফরেনসিক পুলিশ কর্মীরা আরও তথ্য পেতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির আঙুলের ছাপ বিশ্লেষণ করবেন।

এএফপি জানিয়েছে, ক্রিস্টিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। গত সপ্তাহ থেকে তাঁর বাড়ির সামনে শত শত মানুষ বিক্ষোভ করছে। ক্রিস্টিনা ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রসিকিউটররা বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১২ বছরের কারাদণ্ড হতে পারে এবং তিনি রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন।

সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনার বিরুদ্ধে চলমান মামলার রায় এ বছরের শেষের দিকে হতে পারে। বর্তমানে তিনি সিনেটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ক্রিস্টিনা দোষী সাব্যস্ত হলেও কারাগারে যাবেন না, যদি না তাঁর সাজা সর্বোচ্চ আদালত অনুমোদন করে অথবা তিনি আগামী নির্বাচনে (২০২৩ সালের শেষের দিকে অনুষ্ঠিত হবে) সিনেটের পদ হারান।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন ক্রিস্টিনা। সে সময় তিনি ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী ব্যক্তিটি ক্রিস্টিনার মাথা থেকে কয়েক ইঞ্চি দূরে একটি বন্দুক নিশানা করছেন এবং গুলি করার চেষ্টা করছেন। কিন্তু গুলি ছুড়তে পারেননি। ক্রিস্টিনা সে সময় মাথা নিচু করছেন।

অন্য এক ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে কয়েক ব্যক্তি বন্দুকধারীর কাছ থেকে ক্রিস্টিনাকে আড়াল করার চেষ্টা করছেন।

আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রী সার্জিও মাসা গুলি চালানোর এ ঘটনাকে ‘হত্যার চেষ্টা’ বলে অভিহিত করেছেন। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘যখন ঘৃণা ও সহিংসতা বিতর্কের ওপর প্রাধান্য পায়, তখন সমাজ ধ্বংস হয়ে যায় এবং এখনকার মতো পরিস্থিতি তৈরি হয়। এটি স্পষ্ট হত্যার চেষ্টা।’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ‘বন্দুকটিতে পাঁচটি গুলি ছিল, কিন্তু তিনি গুলি চালাতে ব্যর্থ হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ব্যক্তিকে স্থানীয় গণমাধ্যম ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান হিসেবে চিহ্নিত করেছে। তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে তিনি হামলা করতে উদ্যত হয়েছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে একটি অস্ত্র পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে ফার্নান্দেজ বলেছেন, ‘আমরা দ্বিমত করতে পারি, আমাদের গভীর মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঘৃণা ছড়ানো বক্তব্য দিতে পারি না। এতে সহিংসতার জন্ম দিতে পারে। গণতন্ত্রে সহিংসতার কোনো সুযোগ নেই।’

বিবিসি জানিয়েছে, আর্জেন্টিনার মানুষের জীবন, গণতন্ত্র রক্ষা ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...