কক্সবাজারের উখিয়া বালুখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাহ মিয়া (৩২), মো. সোয়াইব ( ১৯) ও জাফর আলম (৫৪)।
বুধবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টায় পাঁচজনের নাম উল্লেখ করে সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাবমাঝি সৈয়দ হোসেন (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এজাহারনামীয় আসামীরা হলেন- জামতলী রোহিঙ্গা ক্যাম্পের জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭), মৃত সোনা আলীর ছেলে সাহ মিয়া (৩২) ও তার ভাই আবুল কালাম ওরফে জাহিদ আলম (২৫), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তার ছেলে মো. সোয়াইব (১৯)। পূর্ব শত্রুতার জেরে এই ডাবল মার্ডারের সঙ্গে আবুল কাশেমের ছেলে সাবমাঝি রেজাউল আলম (৪২), জাফর হোসেনের ছেলে সাবমাঝি মো. ইয়াছিন এবং ইসমাঈলের ছেলে (ভলান্টিয়ার) নুর মোহাম্মদ (৩২) জড়িত থাকার সন্দেহ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনই হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

