চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে পুড়ে মৃত্যু হয়েছে মমতাজ বেগম (৫৫) নামে এক নারীর।
শুক্রবার (২২ জুলাই) উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই মওলানা আবদুল হক (৫০) ও তাঁর স্ত্রী জোহরা বেগম (৪০)।
এ অগ্নিকাণ্ডে তাদের বাড়ির দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের নগদ অর্থ, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
নিহত মমতাজ বেগম (৫৫) মওলানা আবদুল হকের বোন। তিনি ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। তার বাড়ি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আর্দশ পাড়ায়। তিনি মৃত বাদশা মিয়ার স্ত্রী।
জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি পাড়া মওলানা আবদুল হক বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, আগুন লাগার খবর পাই। কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে জানানো হয় যে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যায়নি।

