কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামে মাসুদ পারভেজ নামে ৯ বছরের শিশুকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনায় ৩ সহোদরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আবছার (৩৪), শহীদ উল্লাহ (৩৬) ও ইসমাইল (৩৮)।
শনিবার (১৬ জুলাই) রাতে তাদের আটক করা হয়।
এর আগে শুক্রবার রাতে নিদানিয়া গ্রামে কথিত চুরির অপবাদ দিয়ে শিশু মাসুদ পারভেজকে শারীরিক নির্যাতন করা হয়। স্থানীয় মৃত ইসলাম মিয়ার তিন ছেলে আবছার, শহীদ উল্লাহ ও ইসমাইল এই নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত শিশুর মা নুর জাহান বেগম বলেন, আমার সামনেই আমার অবুঝ শিশুকে তিন ভাই মিলে বর্বর নির্যাতন চালায়। শুক্রবার দুপুরে নাকি তাদের দোকানে আমার ছেলে চুরি করে। কিন্তু আমি কিছু জানি না। শুক্রবার রাত ৮টায় রাস্তা থেকে আমার ছেলেকে ওরা কথিত চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখে।
নুর জাহান আরো জানান, স্থানীয় ভুলু মিয়ার তিন ছেলে বাড়ির একটি কক্ষে আটকে রেখে চড়, থাপ্পড়, লাথি, কিল, ঘুষি মেরে শারীরিক নির্যাতন করে। এরপর প্লাস দিয়ে হাতের নখ উপড়ে ফেলে। পরে শিশু বাচ্চাটির শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রত রাস্তায় রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা। রাতে প্রতিবেশিরা উদ্ধার করে শিশুটিকে উখিয়া হাসপাতালে ভর্তি করান।
এরপর শিশুর মা নুর জাহান বেগম এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান। শিশুর শারীরিক অবস্থা দেখে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তাৎক্ষণিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

