চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ভুজপুর থানা এলকায় পুকুরে ভাসমান অবস্থায় অন্তরা দে (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্তরা উপজেলার নারায়ণহাট এলাকার যিশু গুপ্তের স্ত্রী।
শনিবার (১৬ জুলাই) সকালে ভুজপুরের মুস্তারখীল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে যিশুর সঙ্গে অন্তরার বিয়ে হয়। তাদের একবছর বয়সী একটি সন্তান রয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় অন্তরার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দু’দিন পর শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকি বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

